
তানজিনা : মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণ হারানো সারিয়া আক্তারের স্মরণে দোয়া মাহফিল ও মধ্যাহ্নভোজের আয়োজন করেছেন তাঁর বাবা রফিকুল ইসলাম রফিক মোল্লা। মেয়ের স্মৃতি অম্লান রাখতে তিনি একটি মসজিদও নির্মাণ করেছেন।
রফিকুল ইসলাম রফিক মোল্লা তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক। তাঁর বাসভবনে আয়োজিত দোয়া মাহফিলে সারিয়া আক্তারের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত অতিথি ও নেতাকর্মীরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন। পরে অতিথিদের মধ্যাহ্নভোজে আপ্যায়ন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্যসচিব মোস্তফা জামান, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক অর্থ সম্পাদক ও বিএনপির যুগ্ম সম্পাদক আতিকুর রহমান আতিক, সংশ্লিষ্ট থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আহমেদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সন্তান হারানোর শোক এখনো বয়ে বেড়াচ্ছে সারিয়ার পরিবার। প্রিয় মেয়ের স্মৃতি ধরে রাখা এবং তাঁর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশের নিদর্শন হিসেবে মসজিদ নির্মাণের উদ্যোগ নেন তাঁর বাবা রফিকুল ইসলাম রফিক মোল্লা। সন্তানের মৃত্যুতে সৃষ্ট অপূরণীয় ক্ষতি পূরণ হওয়ার নয়; তবে মেয়ের স্মৃতিকে মানুষের কল্যাণে বাঁচিয়ে রাখার এই উদ্যোগে ফুটে উঠেছে একজন বাবার গভীর ভালোবাসা ও আবেগ।
দোয়া মাহফিলে সারিয়া আক্তারের আত্মার মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস নসিবের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই কঠিন শোক সহ্য করার ধৈর্য, মানসিক শক্তি ও প্রশান্তি কামনা করেন উপস্থিত ব্যক্তিরা।


