শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন [gtranslate]
Headline
Wellcome to our website...
মঠবাড়িয়ায় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা
/ ৬৮ : টাইম ভিউ
আপডেট : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ৩:৩২ পূর্বাহ্ন

পিরোজপুর অফিস : ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ নভেম্বর ২০২৫) বিকেলে শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন। কর্মসূচির শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে মঠবাড়িয়া পৌরসভা চত্বর থেকে র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে এসে মিলিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মঠবাড়িয়া পৌর বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন ফারজী। প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক মো. নজরুল ইসলাম খান। তিনি তাঁর বক্তব্যে বলেন, ৭ই নভেম্বর জাতীয়তাবাদী চেতনার জাগরণ ও দেশের গণতান্ত্রিক শক্তির ঐক্যের প্রতীক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাহসী নেতৃত্ব ও রাষ্ট্রগঠনে তাঁর অবদান আমাদের ইতিহাসে অমর। প্রধান বক্তা জেলা বিএনপির সদস্য সচিব মো. সাইদুল ইসলাম কিসমত বলেন, আজকের এই দিন আমাদের জন্য শুধু স্মৃতিচারণের নয়, বরং গণতন্ত্র পুনরুদ্ধারের শপথ নেওয়ার দিন। দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মঠবাড়িয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মো. শামীম মিয়া ও এডভোকেট রফিকুল ইসলাম। তাঁরা বলেন, সরকারের দমন-পীড়ন ও মিথ্যা মামলার বিরুদ্ধে বিএনপি আন্দোলন চালিয়ে যাচ্ছে। শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত নেতাকর্মীদের ঐক্যই গণতন্ত্র পুনরুদ্ধারের প্রেরণা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মঠবাড়িয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিজান। তিনি বলেন, ৭ই নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তির পুনর্জাগরণের দিন। এ চেতনা ধারণ করে আমাদের সাংগঠনিক শক্তি আরও সুসংহত করতে হবে। শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ, জাতি ও দলের অগ্রগতি ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য প্রার্থনা করা হয়।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজে লাইক করুন