বিশেষ প্রতিনিধি : ১১৫ বছরের ঐতিহ্যবাহী আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের মূলমন্ত্র—‘We Serve’ (আমরা সেবা করি)। এই আদর্শকে ধারণ করে মানবসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল, কার্যকর ও কল্যাণমুখী করার লক্ষ্যে লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি-১, বাংলাদেশের উদ্যোগে রাজধানীর আগারগাঁওয়ে বর্ণাঢ্য গ্র্যান্ড র্যালি অনুষ্ঠিত হয়েছে।
২ অক্টোবর ২০২৬, শুক্রবার সকাল ৮টায় আগারগাঁও পর্যটন ভবনের সামনে থেকে র্যালিটির উদ্বোধন করেন জিএট এরিয়া লিডার কাজী সাইফুল ইসলাম। পরে র্যালিটি সুশৃঙ্খলভাবে পর্যটন ভবনের সামনে থেকে যাত্রা শুরু করে লায়ন্স চক্ষু হাসপাতালের সামনে গিয়ে শেষ হয়।
অক্টোবর সার্ভিস ২০২৬ উপলক্ষে আয়োজিত এ গ্র্যান্ড র্যালির মূল উদ্দেশ্য ছিল লায়ন্স সদস্য ও ক্লাবসমূহকে মানবসেবামূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় ও অনুপ্রাণিত করা এবং সেবার বার্তা সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়া। একই সঙ্গে অসহায়, সুবিধাবঞ্চিত ও ঝরে পড়া মানুষের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
বর্ণাঢ্য র্যালিতে জেলা ডিজি টিম, প্রাক্তন জেলা গভর্নর, জেলা কেবিনেট সদস্য, বিভিন্ন লায়ন্স ক্লাবের নেতৃবৃন্দ ও সদস্য এবং লিও সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তাদের অংশগ্রহণে র্যালিটি প্রাণবন্ত হয়ে ওঠে। এ আয়োজন লায়ন্স সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সেবার মানসিকতা আরও জোরদার করার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
লায়ন্স জেলা ৩১৫ বি-১-এর জেলা গভর্নর ড. খন্দকার মাজহারুল আনোয়ার, এমজেএফ (২০২৬-২৭)-এর নেতৃত্বে মানবকল্যাণে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। অক্টোবর মাসের প্রতিটি দিনই গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।
জেলা গভর্নরের এবারের স্লোগান—“More Hands, More Service” (বেশি হাত, বেশি সেবা)। এই স্লোগানের মাধ্যমে আরও বেশি মানুষকে মানবসেবায় সম্পৃক্ত করে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে।
অক্টোবর সার্ভিস ২০২৬ উপলক্ষে আয়োজিত আজকের গ্র্যান্ড র্যালিটি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মানবসেবার এই মহৎ অঙ্গীকারকে সামনে রেখে অংশগ্রহণকারীরা ‘We Serve’ আদর্শকে নিজেদের পথচলার প্রেরণা হিসেবে গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।
র্যালি শেষে জেলা গভর্নর ড. খন্দকার মাজহারুল আনোয়ার সফলভাবে গ্র্যান্ড র্যালিতে অংশগ্রহণের জন্য জেলা ডিজি টিম, লায়ন্স ও লিও সদস্যসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান এবং লায়ন্স চক্ষু হাসপাতালের সামনে আনুষ্ঠানিকভাবে র্যালির সমাপ্তি ঘোষণা করেন।