
কামরুল ইসলাম ইন্দুরকানি (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুর জেলার ইন্দুরকানিতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, পিরোজপুর ইউনিটের বাস্তবায়নে বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু করা হয়েছে। উপকূলীয় দুর্যোগ ও জলবায়ু ঝুঁকি হ্রাস কর্মসূচির সহযোগিতায় ইন্দুরকানি (জিয়ানগর) উপজেলার বিভিন্ন ইউনিয়নের মোট ১২টি ওয়ার্ডে এই ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হচ্ছে।
ইন্দুরকানি সদর ইউনিয়নের ২, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড, বালিপাড়া ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড এবং চন্ডিপুর ইউনিয়নের ১, ৩, ৪, ৬, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে কমিউনিটি পর্যায়ে “সবার জন্য স্বাস্থ্য ক্যাম্প” শীর্ষক এ কর্মসূচি গত ১৪ ডিসেম্বর ২০২৫ ইং থেকে শুরু হয়।
কর্মসূচির আওতায় এ পর্যন্ত মোট ৬টি হেলথ ক্যাম্প সফলভাবে সম্পন্ন হয়েছে এবং বাকি ওয়ার্ডগুলোতে কার্যক্রম চলমান রয়েছে। এসব স্বাস্থ্য ক্যাম্পে ইন্দুরকানি (জিয়ানগর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রঞ্জন কুমার (এমবিবিএস, বিসিএস স্বাস্থ্য) এবং আরএমও ডা. মো. রমজান আলী (এমবিবিএস, বিসিএস স্বাস্থ্য) রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন।
এ সময় অংশগ্রহণকারী রোগীদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। স্থানীয় জনগণ এই স্বাস্থ্যসেবা কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


